প্রেসিডেন্ট ট্রাম্প মোদীর সঙ্গে ফোনালাপের কথা তুলে বলেন, আলোচনা “খুবই ভালো” হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইঙ্গিত দিলেন, বিভিন্ন অঞ্চলে কূটনৈতিক তৎপরতা বাড়াতে চান তিনি। বিশেষ করে পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে কিছু অগ্রগতি হয়েছে বলেও দাবি করেন, আর সেই প্রসঙ্গেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর সাম্প্রতিক ফোনালাপের কথা সামনে আনেন।

হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, মোদীর সঙ্গে তাঁর আলোচনা “খুবই ভালো” হয়েছে। কথাবার্তাটাকে তিনি ইতিবাচক বলেই দেখছেন। মোদীকে নিয়ে মন্তব্য করতে গিয়ে ট্রাম্পের সুর ছিল বেশ প্রশংসাসূচক—তাঁর মতে, মোদী নিজের কাজ ভালোভাবেই সামলাচ্ছেন।

ইরানের সঙ্গে চলমান সংঘাতকে বেশ হালকা করেই দেখালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর ভাষায়, এই যুদ্ধটা নাকি “একটু মনোযোগ ঘোরানোর মতো ব্যাপার”  (little diversion)—যদিও এতে ইতিমধ্যেই দুই হাজারেরও বেশি মানুষের প্রাণ গেছে।লাস ভেগাসে এক অনুষ্ঠানে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, পরিস্থিতি তাঁর দৃষ্টিতে নিয়ন্ত্রণেই আছে। যুদ্ধ “খুব মসৃণভাবে” এগোচ্ছে বলেও দাবি করেন তিনি। পাশাপাশি ইঙ্গিত দেন, খুব বেশি দেরি নেই—শিগগিরই এর একটা শেষ দেখা যেতে পারে। তবে তাঁর এই মন্তব্য এসেছে এমন এক সময়ে, যখন পুরো অঞ্চলজুড়ে উত্তেজনা বাড়ছে এবং বিভিন্ন দিক থেকে কূটনৈতিক তৎপরতাও চলছে। সেই প্রেক্ষিতে ট্রাম্পের এই আশাবাদী সুর কিছুটা চোখে পড়ার মতোই।

এর আগে সপ্তাহের শুরুতেই মোদী নিজেও এই ফোনালাপের কথা জানিয়েছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, ট্রাম্পের সঙ্গে বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। দ্বিপাক্ষিক সহযোগিতার অগ্রগতি নিয়ে তারা পর্যালোচনা করেছেন, আর ভবিষ্যতে এই সম্পর্ককে আরও মজবুত করার ব্যাপারেও দু’পক্ষই একমত।

মোদী আরও উল্লেখ করেন, পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি নিয়েও কথা হয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালী খোলা এবং নিরাপদ রাখা কেন জরুরি, সে বিষয়েও তারা গুরুত্ব দিয়েছেন।

অন্যদিকে, ট্রাম্প পাকিস্তানের সঙ্গেও তাঁর যোগাযোগের কথা তুলে ধরেন। ইঙ্গিত দেন, চলমান একটি কূটনৈতিক প্রক্রিয়া ঠিকঠাক এগোলে তিনি ইসলামাবাদে যেতে পারেন। এমনকি সম্ভাব্য কোনও চুক্তি সেখানেই স্বাক্ষরিত হলে তাঁর সফরের সম্ভাবনাও উড়িয়ে দেননি।

পাকিস্তান নিয়ে কথা বলতে গিয়েও ট্রাম্প ইতিবাচক সুরেই কথা বলেন। তাঁর মতে, এই প্রক্রিয়ায় দেশটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং বেশ ভালো কাজ করছে।